পরীমনির রিমান্ড প্রতিকারের আবেদন হাইকোর্টে প্রত্যাখ্যান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে এনে এর প্রতিকার পেতে স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারির মৌখিক আবেদন করেছেন এক আইনজীবী। তবে, এই আবেদন প্রত্যাখ্যান করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিষয়টি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী ইউনুছ আলী।
সংবাদপত্রের প্রতিবেদনের বরাতে তিনি বলেন, 'ফৌজদারি কার্যবিধিতে এমন রিমান্ডের কোনো বিধান নেই। কিন্তু, চিত্রনায়িকা পরীমনিকে বারবার পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।'
গ্রেপ্তারের পর চিত্রনায়িকা পরীমনিকে কোন আইনের অধীনে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে একটি রুল (সুয়োমোটো রুল) জারির অনুরোধ জানান তিনি।
এসময় বিচারপতি এনায়েতুর রহিম আইনজীবী ইউনুস আলীকে বলেন, 'কোন মামলায় পরীমনির রিমান্ড চাওয়া হচ্ছে এটি খবর দেখে অনেক সময় বোঝা যায় না। আপনি এসব উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠান। তারপর আমরা খতিয়ে দেখবো।'
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম মো. আতিকুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ নিয়ে তাকে তৃতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হলো।