পরীমনির রিমান্ড বিষয়ে ২ বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হাইকোর্ট
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে নিম্ন আদালতের ২ বিচারকের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই অসন্তোষ প্রকাশ করে বলেন, নিম্ন আদালতের ২ বিচারক আমাদের আন্ডারমাইন করেছেন।
হাইকোর্ট বেঞ্চ বলেন, 'মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের ব্যাখ্যায় বলেছেন পরিস্থিতি বিবেচনায় তারা পরীমনির রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন। রিমান্ড মঞ্জুর করে অনিচ্ছাকৃত ভুল করে থাকলে তারা আদালতের কাছে ক্ষমাপ্রার্থী। তাদের ব্যাখ্যায় মনে হয়েছে তারা কোনো ভুল করেননি। তাদের ব্যাখ্যায় ২ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমাদের আন্ডারমাইন করেছেন। আমরা তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট নই।'
আদালত তাদের কাছে আবারও ব্যাখ্যা চেয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফাকে আদালতে হাজির হয়ে কেন তিনি পরীমনির রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেন, মেট্রোপলিটন ম্যাজিট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম হাইকোর্ট ও আপিল বিভাগকে তাদের ব্যাখ্যার মাধ্যমে আন্ডারমাইন করেছেন। পরীমনির রিমান্ড মঞ্জুর করে ভুল করেছেন সেই বিষয়টি তারা স্বীকার করেননি।
গত ২৯ আগস্ট হাইকোর্ট ও আপিল বিভাগের রায় না মেনে চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র।