পরীমনির রিমান্ড: ব্যাখ্যা দিতে ১ সপ্তাহ সময় পেলেন ২ বিচারক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে ঢাকার ২ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা ব্যাখ্যা দেওয়ার জন্য আরও ১ সপ্তাহের সময় পেয়েছেন।
আজ রোববার হাইকোর্টে এ বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারিত ছিল। ২ বিচারকের আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ সময় মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, '২ বিচারক লিখিত ব্যাখ্যা জমা দিলে আদালত আগামী রোববার এ বিষয়ে আদেশ দেবেন।'
যে দুই বিচারককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে— ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরীমনির ২ দিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় ১ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়।
এই মামলায় পরীমনিকে প্রথম দফায় ৪ দিন, দ্বিতীয় দফায় ২ দিন ও তৃতীয় দফায় ১ দিনসহ মোট ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৩১ আগস্ট পরীমনিকে জামিন দেওয়া হয় এবং পরদিন তিনি কারামুক্ত হন।