পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত
মাদক মামলায় গ্রেপ্তারের পর পরীমনির সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি। আজ শনিবার সমিতির সভাপতি মিশা সওদাগর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীমনির কারণে চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন, 'পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। তার বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম।'
'আজ কেবিনেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সব সদস্যদের মতামত নেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
পরীমনির মামলাটির তদন্তভার প্রথমে ডিবিতে ও পরে শুক্রবার সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
২০১৫ সালে 'ভালোবাসা সীমাহীন' সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন পরীমনি। এরপর তিনি প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'বিশ্বসুন্দরী'।