পরীমনি ও নজরুল রাজের বাসা থেকে যা জব্দ করেছে র‍্যাব

স্টার অনলাইন রিপোর্ট

মদ-মাদকসহ গতকাল বুধবার আটক চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার দেখানোর পর তার বাসা থেকে জব্দকৃত সামগ্রীর একটা তালিকা দিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এ জব্দ তালিকা প্রকাশ করেছে।

এ তালিকায় ১৯ বোতল বিদেশি মদ, চার গ্রাম আইস ও এক ব্লট এলএসডি আছে।

মদের মধ্যে আছে-আট বোতল প্লাটিনাম লেবেল, তিন বোতল ব্ল্যাক লেবেল, দুই বোতল সিভাস রিগ্যাল, দুই বোতল ফক্সগ্রোভ, এক বোতল ব্লু লেবেল, দুই বোতল গ্লেনলিভেট, এক বোতল গ্লেনফিডিচ।

এছাড়া, চলচ্চিত্র পরিচালক নজরুল রাজের বাসা থেকে জব্দ করা বিদেশি মদের মধ্যে আছে-সাত বোতল গ্লেনলিভেট, দুই বোতল গ্লেনফিডিচ, চার বোতল ফক্সগ্রোভ, এক বোতল প্লাটিনাম লেবেল।

তার বাসা থেকে আরও জব্দ করা হয়েছে সীসার সরঞ্জাম, ৯৭০ পিচ ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত সামগ্রী, একটি সাউন্ড বক্স ও দুটি মোবাইল ফোন।

গতকাল বিকেলে পরীমনির বাসায় ও রাতে রাজের বাসায় অভিযান চালিয়ে এসব জব্দ করে র‍্যাব। পরে তাদের আটক করা হয় এবং আজ বৃহস্পতিবার পরীমনি, রাজ ও রাজের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও সবুজ আলীকে গ্রেপ্তার দেখানো হয়।

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার মডেল পিয়াসার সহযোগী মিশু হাসান গ্রেপ্তারের পর, তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরীমনি ও রাজের বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, পরীমনির বিরুদ্ধে মাদক মামলা এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্ণোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে।