পরীমনি, রাজ, হেলেনা জাহাঙ্গীরের বাসায় সিআইডির তল্লাশি
চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ ছয় জনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে গ্রেপ্তারকৃত ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায়ও তল্লাশি চালানো হয়েছে।
সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গ্রেপ্তারকৃত ছয় জনের বাসায় তল্লাশি চালাতে আজ বেলা ৩টা থেকে ফের অভিযান শুরু হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।'
জানা যায়, মরিয়ম আক্তার মৌয়ের মোহাম্মদপুরের বাসায় আজ সিআইডির একটি দল দুপুরের পর অভিযান চালায়।
তবে, সিআইডি সূত্র কেবল হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় চালানো অভিযান প্রসঙ্গে জানায়, বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয় এবং সন্ধ্যা ৭টার দিকে শেষ হয়।
জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযান শেষ হয়েছে। পরে, বিস্তারিত জানানো হবে।'