পল্লবী থেকে নিখোঁজ ৩ কিশোরী উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী মিরপুরের পল্লবী থেকে নিখোঁজ হওয়া ৩ কিশোরীকে উদ্ধার করছে র‌্যাব।

আজ বুধবার সকালে তাদের ঢাকার আবদুল্লাহপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, 'নিখোঁজ এই ৩ কিশোরী কক্সবাজারে গিয়েছিলেন। র‌্যাব তাদের সেখানে খুঁজতে গেলে তারা আজ সকালে আবদুল্লাহ পুরে আসেন এবং সেখান থেকে র‌্যাব তাদের উদ্ধার করেন।'

র‌্যাবের অধিনায়ক জানান, হাফসা নামের এক নারী তাদেরকে কক্সবাজার যেতে সহায়তা করেন। সেদিন তাদেরকে প্রথমে একটি ব্যক্তিগত গাড়িতে করে কমলাপুরে নেওয়া হয়।

তাদের বক্তব্য সঠিক কি না র‌্যাব সদস্যরা তা জানার চেষ্টা করছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, বাড়ি থেকে পালানোর পর তাদের ফোন বন্ধ নষ্ট করে ফেলা হয় এবং তাদের ফেসবুক আইডি ডিএকটিভ করা হয়।

র‌্যাব অনুমান করছে, তারা স্বেচ্ছায় পালিয়েছিলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থেকে কলেজ পড়ুয়া এই ৩ কিশোরী নিখোঁজ হন। তাদের পরিবারের অভিযোগ, নগদ টাকা, সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি ছাড়ার পর থেকে তারা নিখোঁজ হন।

ওই ৩ কিশোরীর সন্ধান না পেয়ে নিখোঁজ একজনের মা ১ অক্টোবর পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

পরিবার জানায়, তারা প্রত্যেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বয়স প্রায় ১৫ বছর।