পল্লবী থেকে ৩ কিশোরী নিখোঁজ: অপহরণ মামলায় গ্রেপ্তার ৪
রাজধানীর পল্লবী এলাকা থেকে ৩ কিশোরী নিখোঁজের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুরে আসামিদের আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
নিখোঁজ ১ কিশোরীর বড় বোন গতকাল রাতে অপহরণের অভিযোগ এনে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)।
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ৩ কিশোরী পরিবারের সদস্যদের কাউকে কিছু না বলে কলেজ ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের একজনের কাছে ৬ লাখ টাকা, আরেকজন আড়াই ভরি সোনা এবং অন্যজন মোবাইল ফোনসহ ৭৫ হাজার টাকা ছিল।