পাথরঘাটায় ‘ডাকাতের’ গুলিতে জেলে নিহত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনার পাথরঘাটায় মান্দারবাড়িয়া এলাকায় বঙ্গোপসাগরের ডাকাতের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে তার মরদেহ পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত মুসা মিয়া (৩০) উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।'

'ডাকাতরা জেলেদের ট্রলার থেকে জ্বালানি তেলসহ মালামাল লুট করে নিয়ে গেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'গত রাতে মুসাসহ ১৪ জেলে সাগর থেকে মাছ ধরা ট্রলার এফবি বাবুলে ফিরছিলেন। হঠাৎ একটি ট্রলারে ২০/২৫ ডাকাত ওই ট্রলারে হামলা ও লুট করে।'

'সেসময় মুসা বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তারা ট্রলারের অন্যান্য জেলেদের মারধর করে জ্বালানি তেলসহ চাল-ডাল ও অন্যান্য মালামাল লুট করে নেয়।'

আহত জেলেদের আজ পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।