পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র কৌশিক হোসেন (১৪), আতাইকুলার গাঙ্গোহাটি গ্রামের হারুন প্রধানের ছেলে। সে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশের ধারণা, কৌশিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে কৌশিক বাড়ি থেকে বের হয়ে সারাদিন বাড়িতে ফেরেনি। সন্ধ্যার পরে বামনগ্রামের একটি বাগানে একজনের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।'
পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন উল্লেখ করে ওসি বলেন, 'নিহতের গলায় ও মুখে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।'