পাবনায় পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী যুবকদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দক্ষিণরামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন প্রামাণিক (৩৭) দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুমন। বাড়িতে ঢোকার সময় গলিতে সুমনের সঙ্গে প্রথমে মিঠু ও তার জমজ ভাই টিুটর বাক বিতণ্ডা শুরু হয়।'
ওসি বলেন, 'এক পর্যায়ে মারামারি শুরু হলে সুমনকে এলোপাতারি কুপিয়ে তারা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।'
তিনি জানান, এ ঘটনার পর নিহতের স্বজনরা মিঠুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পাবনা দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারনা পুলিশের।