পাবনায় ভ্যানচালক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পাবনা

ভ্যানচালক ফারুক হোসেন হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাণ্ডাদেশ দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

আজ বুধবার বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় দেন।

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, পাবনার ভাংগুরা উপজেলার চৌবারিয়া গ্রামের প্রভাস চন্দ্র দাস, ১৮ শাহিন হোসেন, ২১, শফিকুল ইসলাম, ২১, সাদ্দাম হোসেন, ২০, প্রিন্স, ২০, ফরিদ আহমেদ, ২২, বিলকিস বেগম, ৪০, দুলাল হোসেন, ২০, ইউসুফ আলী, ২২, আব্দুল করিম, ৪৫।

সাজাপ্রাপ্তদের মধ্যে আব্দুল করিম ও বিলকিস বেগম রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

পাবনা বিশেষ আদালতের পিপি দেওয়ান মজনুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, '২০০৯ সালের ২৪ আগস্ট ভ্যানচালক ফারুক হোসেনকে রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানেন, এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করে। পরে পুলিশ তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বলে জানান পিপি।