পাবনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ ভাই গ্রেপ্তার
পাবনায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত শান্ত ফকির (২২) ও অন্তু ফকির (২৪) কে কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মামলার পর গতকাল শনিবার রাতে এই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে বিপ্লব ফকির (২৪) কে সারারাত নির্যাতন করেন দুই আসামি। গতকাল দুপুরে রাজশাহী নেওয়ার পথে বিপ্লব মারা যান।
তিনি জানান, নিহত বিপ্লব ও গ্রেপ্তারকৃতরা উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, নিহত বিপ্লবের চাচা রতন আলীর সাথে কিছুদিন পূর্বে প্রতিবেশী পলাশ ফকিরের ছেলে শান্ত ফকিরের কথা কাটাকাটি হয়। সে সময় নিহত বিপ্লবের চাচা রতন শান্তকে মারধর করেন। এর জেরে গত শুক্রবার রাতে শান্ত পার্শ্ববর্তী জিগাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নিয়ে বিপ্লবকে মুখ বেঁধে রেখে সারারাত মারপিটসহ নির্যাতন চালায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও বিপ্লবের পরিবার তাকে খুঁজে পায়নি। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শনিবার সকাল ৮টায় স্কুলের ছাদ থেকে বিপ্লবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, বিপ্লবের সারা শরীরে আঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেন। হত্যার প্রধান অভিযুক্ত শান্ত ও তার ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শান্ত জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান ওসি।