পাবনায় সাবেক এমপির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের জিডি

নিজস্ব সংবাদদাতা, পাবনা

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে পাবনার আমিনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বেড়া উপজেলার পুরান ভারেংগা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ গতকাল শুক্রবার সন্ধ্যায় আজিজুল হক আরজু ও তার ৩ সহযোগীর নাম উল্লেখ করে এই জিডি করেন।

রফিকুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল দুপুরে বক্তারপুর গ্রামের আব্দুল মতীনের বাড়িতে কুলখানির অনুষ্ঠানে গিয়েছিলাম। বেলা আড়াইটা দিকে আজিজুল হক আরজু ১০ থেকে ১২ জন অনুসারী নিয়ে অনুষ্ঠানে আসেন। আমার উপস্থিতি জানতে পেরে সেখানে তিনি বিষোদগার করেন।'

তিনি আরও বলেন, 'অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি ওই বাড়ির একটি কক্ষে আশ্রয় নেই। কিছুক্ষণ পর তিনি ওই ঘরে ঢুকে গালিগালাজ শুরু করেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন।'

খন্দকার আজিজুল হক আরজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'চেয়ারম্যান রফিকুল্লাহকে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। কথিত এমপি বাজার নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।'

আসন্ন ইউপি নির্বাচনে রফিকুল্লাহর বিরুদ্ধে কাজ করার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসাবশবর্তী হয়ে তার বিরুদ্ধে জিডি করা হয়েছে বলে দাবি করেন সাবেক এই সংসদ সদস্য।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী দ্য ডেইলি স্টারকে বলেন' 'এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।'