পাবনায় স্বতন্ত্র প্রার্থী হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে
পাবনার ভাড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আলম হত্যা মামলায় ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খানসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার শুনানি শেষে আবু সাইদ খান, নাদের বিশ্বাস ও সমোর জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন পাবনা জেলা জজ মো. আসাদুজ্জামান।
এর আগে হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামি পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
এ সময় আদালত আলম ও শামসুল আলমের জামিন মঞ্জুর করে বাকি ৩ জনকে কারাগারে পাঠান বলে জানান পাবনা জেলা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুস সামাদ খান রতন।
গত ১১ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় নিহত হন ভাড়ারা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আলম। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাইদ খানকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় মামলা করে। এরপর চেয়ারম্যান ও তার সহযোগীরা হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন।
হাইকোর্ট তাদের জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে চেয়ারম্যানসহ ৫ জন আজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।