পাবনায় হত্যা মামলায় ৩ চরমপন্থীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার সাঁথিয়ায় হত্যা মামলায় চরমপন্থী নকশাল বাহিনীর ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন স্পেশাল জজ আদালত। চরমপন্থীদের দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ২০০৩ সালের আগস্ট মাসে তারা ওই হত্যাকাণ্ড ঘটান।

সাজাপ্রাপ্তরা হলেন—পাবনার সদর উপজেলার তারাবাড়িয়া এলাকার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), আতাইকুলার গাঙ্গগুহাট ক্লাব পাড়ার ইউসুফের ছেলে খোকন হোসেন (৪২) ও সাঁথিয়ার ভদ্রখোলা এলাকার ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)। আসামিরা পলাতক হওয়ায় তাদের অনুপস্থিতিতে আজ আদালত সাজা ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের আবু মুছা খাঁ দলত্যাগ করে বোয়াইলমারী বাজারে সাইকেল মেরামতের দোকানে কাজ নিয়েছিলেন। তার দলত্যাগে ক্ষুব্ধ হন অন্য সদস্যরা। তারা ২০০৩ সালের ১৩ আগস্ট সকালে আবু মুছা খাঁকে অপহরণ করে হাটবাড়ীয়া-বোয়াইলমারীর ডাব বাগানের ভেতরে নিয়ে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রহিমা খাতুন সাঁথিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

পাবনা স্পেশাল জজ কোর্টের সরকারি কৌসুলি এডভোকেট দেওয়ান মজনুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, দীর্ঘদিন ধরে এই মামলার বিচার চলে। আদালত ৩ জনকে যাবজ্জীবন ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ১ বছর কারাবাসের আদেশ দেওয়া হয়। অভিযুক্ত ২০ জনকে খালাস দেওয়া হয়।