পাসওয়ার্ড নিয়ে এটিএম থেকে টাকা সরান ব্যাংকেরই কর্মকর্তা: পিবিআই
রংপুরের প্রাইম ব্যাংকের এটিএম বুথের ভল্ট থেকে টাকা লোপাট করেছেন ওই ব্যাংকেরই এক কর্মকর্তা। সহকর্মীদের কাছ থেকে কৌশলে এটিএমের ভল্টের পাসওয়ার্ড সংগ্রহ করে আবু রায়হান নামের ওই কর্মকর্তা ৯ লাখ ৬৩ হাজার টাকা সরিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে রংপুর নগরীর ডিসির মোড় এলাকা থেকে রায়হানকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের রংপুর জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, গত বছরের ৬ অক্টোবর প্রাইম ব্যাংক রংপুর শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট পীষুয কুমার রায় লিখিতভাবে জানান, রংপুর মেট্রোপলিটন এলাকায় প্রেসক্লাবের বিপরীত পাশে রংপুর ভবনের নিচ তলায় অবস্থিত তাদের ব্যাংকের এটিএম বুথ থেকে ৯ লাখ ৬৩ হাজার টাকা অজ্ঞাত হ্যাকার/চোর ই-ট্রাঞ্জেকশন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে চুরি করেছে। ওই ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটির তদন্তভার রংপুর পিবিআই গ্রহণ করে।
তদন্ত চলাকালে এটিএম ভল্ট দেখে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা পিবিআইকে জানান, কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি, এমনকি বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ ছাড়াই ভল্ট থেকে টাকা সরানো হয়েছে। এভাবে এটিএমের ক্যাসেট সরানো শুধু তার পক্ষেই সম্ভব, যে পাসওয়ার্ড জানে। সেফডোর কি (চাবি) ব্যবহার করে এ টাকা সরানো হয়েছে।
পরে তদন্তে বের হয়, আবু রায়হান তার সহকর্মীদের কাছ থেকে কৌশলে পাসওয়ার্ড সংগ্রহ করে ওই টাকা সরিয়েছেন।
জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লোপাট হওয়া টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।