পাসপোর্ট অফিসের ডিডির বিরুদ্ধে মারধরের অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাকে মারধরের অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ১৮ এপ্রিল কুমিল্লা পাসপোর্ট অফিসে উপপরিচালক (ডিডি) মো. নুরুল হুদা কর্তৃক সেবাগ্রহীতাকে চেয়ার দিয়ে মারধর ও সেখানে এক সাংবাদিককে সে সময় ভিডিওধারণে বাধা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাটি পত্রপত্রিকার প্রতিবেদনে প্রকাশ হয়। পরে আদালত সেসব প্রতিবেদনে উল্লেখ করা ঘটনা আমলে নিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, তারা কার্যালয়ের খোলা জায়গায় রাখা টেবিলে বসে থাকায় ডিডি মো. নুরুল হুদা চেয়ার দিয়ে তাদের মারধর করেন।