পাহাড় কাটায় একে খান গ্রুপ ও সাবেক কাউন্সিলরকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামের খুলশী এলাকায় পাহাড় কেটে ফেলার অভিযোগে একে খান গ্রুপসহ চার জনকে সাত লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের খুলশী কার্যালয়ে এক শুনানি শেষে এ জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিআইপি আবাসন এলাকায় ৩৭০ বর্গফুট পাহাড় কাটার জন্য একে খান গ্রুপকে ৯২ হাজার টাকা এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ হিরনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, ভিআইপি হাউজিংয়ে ১ হাজার ৭৭৬ বর্গফুট পাহাড় কেটে সমতল করার জন্য খুদরত ই খুদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা ও শাহজাহান হায়দার নামে আরেকজনকে ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।