পিরোজপুরে ‘ভাতিজার’ হাতে চাচা খুন, আটক ১
পিরোজপুরে জিয়াউল ইসলাম জিকু (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছেন, জিকু তার ভাতিজার হাতে খুন হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আজ ভোররাতে এ ঘটনা ঘটে। জিয়াউল ইসলাম জিকু বাসায় ফেরার সময় শহরের রূপালী ব্যাংকের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে জিকুর আপন ভাই মোজাম্মেলের ছেলে মামুন ও তার ৩ থেকে ৪ জন সহযোগী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। জিকুকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিকু শহরের মধ্য রাস্তা এলাকার একটি ভাড়া বাড়িতে সপরিবারে বসবাস করতেন। তার বাড়ি নাজিরপুর উপজেলার উদয়তারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে।
আবু জাফর বলেন, মামুন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলেশ্বর নদীর পাড়ে গুচ্ছগ্রামে বাস করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে সুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
মামুনের চাচা আমির হোসেন জানিয়েছেন, মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য প্রায়ই জিকুকে বিভিন্নভাবে হয়রানি করতেন মামুন।