পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ: ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৯

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার মধ্যে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, গতকাল রোববার রাতেই তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভ (৩২) পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। সংঘর্ষে আহত সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান সিকদারকেও খুলনায় পাঠানো হয়েছে।

গতকাল বিকেলে সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী সভা ছিল। সভা থেকে নেতা-কর্মীরা ফিরে যাওয়ার সময় স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়।

শুভ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা।

শুভকে আজ ঢাকায় নেওয়া হবে বলে জানা গেছে।