পুলিশ কনস্টেবল নিয়োগে ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে মোহাম্মদ আলমকে (৫০) ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১২টায় মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন।  

পুলিশ সুপার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুলিশ কনস্টেবলে নিয়োগের কথা বলে আলম ৫ জনের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। এর মধ্যে নিলা আক্তার রিতু ও আমেনা বেগমের কাছ থেকে ৫০ হাজার করে ১ লাখ টাকা, মো. সাঈদের কাছ থেকে ১ লাখ টাকা, মুস্তাইনের কাছ থেকে ১ লাখ টাকা, হৃদয়ের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছেন।' 

তিনি আরও জানান, গতকাল সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে সদর উপজেলা থেকে মো. আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। ৫ জন নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপে বাদ পড়ে গেছে।