প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া যুবক টিপু সুলতান ইব্রাহিম (২৩) কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র।

ওসি সাব্বিরুল আলম বলেন, 'সুলতান ইব্রাহিম গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সেখানে তিনি অনলাইন বিজনেস প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কার্যক্রম নিয়ে কথা বলেন এবং এর সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। এসবের পৃষ্ঠপোষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে তাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন।'

ওই ঘটনায় একই এলাকার এজাজুল হাকিম নামের এক ব্যক্তি বাদী হয়ে ইব্রাহিমের  নামে বুধবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ইব্রাহিমের কর্মকাণ্ডে এলাকায় লোকজনের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। ঘটনায় তিনি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নসহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখেনে।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, ভিডিওটি দেখে অনেকেই তা শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় সবাই মর্মাহত হন। এমন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইব্রাহিমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'