ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন
ফরিদপুরে এনজিও কর্মীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত রিপন মোল্লাকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। রায়ে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও করেন আদালত।
মামলার আসামি রিপন আগে থেকেই জেল হাজতে ছিলেন। আজ সকালে তাকে আদালতে আনা হয়। আদালত রিপনের সামনেই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পিপি স্বপন কুমার পাল বলেন, 'এ হত্যা মামলায় রিপনসহ মোট ৯ জন আসামি ছিলেন। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।'
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালের ১২ জুলাই বোয়ালমারীতে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই নারীর বাবা রিপন মোল্লাসহ ৪ জনের নাম উল্লেখ করে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কেরামত আলী গত ২০০৯ সালের ১২ অক্টোবর ও ২০১০ সালের ১৪ জানুয়ারি দুই দফায় রিপন মোল্লাসহ মোট ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।