ফরিদপুরে বিকাশে প্রতারণাকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
আজ রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডুমাইন গ্রামের মো. রবিউল ইসলাম ওরফে পাপ্পু (২৩) ও চন্দন মালো (২৯) এবং মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মো. জাকারিয়া ইসলাম ওরফে অন্তর (২৬)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় তাদের কাছ থেকে ৪টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে ।
ফরিদপুরের র্যাব-৮ এর অধিনায়ক মো. আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিকাশে মাধ্যমে প্রতারণা করে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন মোবাইল সিম বিক্রেতার সঙ্গে যোগসাজশ করে ভুয়া নামে সিম কার্ড রেজিস্ট্রেশন করে। পরে নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে সহজ সরল মানুষের কাছে পিন কোড জেনে নেন এবং স্মার্ট ফোনে অ্যাপস ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'র্যাব বাদী হয়ে ওই ৩ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।'