ফরিদপুরে মা ইলিশ ধরায় ৪৭ জেলের কারাদণ্ড
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ফরিদপুরের সদরপুরে ৪৭ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের আদালত এ দণ্ড দেন।
গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সদরপুর উপজেলার দিয়ারা নাড়কেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মা ইলিশ জব্দ করা হয়।
শনিবার সকালে আটক জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও ৩৯ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, 'আটক ৪৭ জেলেকে ১৮৬০ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত করে এ কারাদণ্ড দেওয়া হয়।'