ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মো. শাহজাহান হত্যা মামলার অন্যতম আসামি উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুদ্দুস ফকিরসহ আট জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের চার নম্বর আমলি আদালতের বিচারক মো. আসিফ আকরাম এ আদেশ দেন।
নগরকান্দা আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) আব্দুল মজিদ এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কুদ্দুস ফকিরসহ আট আসামির জামিনের আবেদন আদালত নাকচ করে দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।'
মামলার অপর সাত আসামি পলাতক আছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ব্যবসায়ী মো. শাহজাহান মিয়াকে (৪৫) স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে হত্যা করা হয়। পরদিন গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহজাহান রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল রামনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুদ্দুস ফকিরসহ ১৫ জনকে আসামি করে আদালতে হত্যা মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ফকিরসহ আট জন মঙ্গলবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
মামলার পলাতক আসামিরা হলেন-আক্কাস ফকির (৪৬), জাকির ফকির (৩২), কামাল ফকির (৩৫), দেলোয়ার ফকির (৪০), সালাম সিকদার (৬০), জোহরউদ্দিন সিকদার (৫০) ও বাবলু মোল্লা (৩৫)।