ফুলগাজীতে গৃহবধূকে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ২
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ খালেদা ইসলাম অমি (২৫) কে এসিড নিক্ষেপের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, মো. তারেক মজুমদার (২৫) ও আবদুল্লাহ আল মিনার (১৯)।
আজ রোববার দুপুরে উপজেলার দরবারপুর ইউনিয়নে গৃহবধূর ঘরের জানালা দিয়ে তার গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এসিডে গৃহবধূর মুখ, গলা ও হাত ঝলসে গেছে।
গৃহবধূকে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি ও পরে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গৃহবধূ অমি বাড়িতে একা ছিলেন। তার বাবা-মাসহ সবাই বাড়ির বাইরে ছিলেন। এসময় তাকে জানালা দিয়ে এসিড ছোড়া হয়। গৃহবধূ তার পরিবারকে জানিয়েছেন তার স্বামী পক্ষের দুই জন এ ঘটনা ঘটিয়েছে। তিনি তাদের চিনতে পেরেছেন।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, এসিডে ওই গৃহবধুর মুখমন্ডল, গলা ও হাতের কিছু অংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের জানান, গ্রেপ্তার মো. তারেক র্যাব হেফাজতে ও আবদুল্লা মিনার ফুলগাজী থানা পুলিশের হেফাজতে আছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রায় ৫ বছর আগে ফুলগাজী উপজেলার দরবারপুরের ইসমাইল হোসেনের মেয়ে খালেদা ইসলাম অমির সঙ্গে পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের প্রবাসী লিখন আহমেদের বিয়ে হয়।
অমির পরিবার অভিযোগ করে, বিয়ের পর থেকে লিখনের মা ও ভাই-বোনরা মিলে খালেদাকে যৌতুকের জন্য নানা নির্যাতন করতে থাকে। গত ৭ আগস্ট চিকিৎসার নামে সাপ দিয়ে অপচিকিৎসার নামে নির্যাতন করা হয়। এরপর গৃহবধূ অমিকে বাবার বাড়ীতে রেখেই চিকিৎসা করা হয়। এ ঘটনায় অমির পরিবারের পক্ষ থেকে ফুলগাজী থানায় মামলা করা হয়। ওই ঘটনায় পুলিশ অমির ননদ হাসিনা আক্তার ও ননদের স্বামী আবুল কাশেমকে গ্রেপ্তার করে।