ফেসবুকে ‘আপত্তিকর ভিডিও’ ছড়িয়ে দেওয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
‘আপত্তিকর ভিডিও’ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল রাতে বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
আজ সোমবার ওই শিক্ষার্থীর বাবা রাজধানীর সবুজবাগ থানায় শামিম ও ফাহিম নামে দুই যুবকের বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ওই শিক্ষার্থীর চাচার অভিযোগ, শামিম দীর্ঘদিন ধরে মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে ব্যর্থ হয়ে ফাহিমকে সঙ্গে নিয়ে মেয়েটির ছবি ও ভিডিও এডিট করে ‘আপত্তিকর ভিডিও ক্লিপ’ তৈরি করে ব্লাকমেইল করতে শুরু করে।
ফেসবুকেও সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, তারা মেয়েটির কাছে টাকা দাবি করে, না দিতে পারলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এই ঘটনা জানার পর পরিবার থেকে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গতকাল রাত ৮টার দিকে মেয়েটি তাদের বাড়িতে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা তখনই মেয়েটিকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর বাবা জানান, গত শনিবার ওই যুবকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলে জানায়, সে কিছু জানতো না, তাকে ওই ঘটনার ভিকটিম বানানো হয়েছে। শামিম তার কাছে ২০ হাজার টাকা দাবি করেছে বলেও জানায় সে।’
তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘তারা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে মতিঝিল থানার উপপুলিশ কমিশনার আবুল আহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।