বনানীতে শিক্ষাথী ধর্ষণ মামলার রায় ১২ অক্টোবর
রাজধানীর বনানীতে ২ শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণার জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সেইসঙ্গে মামলার ৫ আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
এ মামলার ৫ আসামি হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু সাদমান সাকিফ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম এবং দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।
এতদিন এই মামলার আসামি সাফাতসহ ৫ জন জামিনে ছিলেন। তারা আজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ যুক্তিতর্কের শেষ দিনে বাদীপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, তারা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের বেকসুর খালাস চেয়ে আদালতকে বলেন, বাদীপক্ষের আইনজীবীরা তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
২০১৭ সালের ৬ মে ওই ৫ জনের বিরুদ্ধে এক শিক্ষার্থী বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে এক জন্মদিনের অনুষ্ঠানে সাফাত ও নাঈম অভিযোগকারী ও অন্য এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। সেসময় বিল্লাল, রহমত ও সাকিফ তাদেরকে সহায়তা করেন।
২০১৭ সালের ৭ জুন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে ৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্তদের মধ্যে সাফাত, নাঈম, সাকিফ ও বিল্লাল বিভিন্ন সময়ে ম্যাজিস্ট্রেটদের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৭ সালের ১৩ জুলাই ট্রাইব্যুনাল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এই মামলায় মোট ২২ জন সাক্ষী ট্রাইব্যুনালের সামনে তাদের জবানবন্দি দিয়েছেন।