বরগুনা কারাগারের রক্ষী মাদকসহ পিরোজপুরে আটক

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

বরগুনা কারাগারের এক কারারক্ষীকে মাদকসহ পিরোজপুর থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পিরোজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করেছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, আটক জাহিদুল ইসলাম (৪৩) উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং বরগুনা জেলা কারাগারের একজন কারারক্ষী। তার কাছ থেকে দুই শ পিস ইয়াবা ও ছয় শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মো. দেলোয়ার হোসেন বলেন, 'জাহিদুলের বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি মাদক মামলা রয়েছে। সেসব মামলায় তিনি জামিনে আছেন। আজ আবারও তাকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কাউখালী থানায় আরও একটি মামলা দায়ের করবে।'

বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, বরিশালে মাদক মামলায় হাজিরা দেওয়ার জন্যে গত ২০ আগস্ট বরগুনা জেলা কারাগার থেকে এক সপ্তাহের জন্যে ছুটি নেন জাহিদুল।