বরিশালে ইউএনও-পুলিশ-আনসারের বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল সদর উপজেলার ইউএনও, পুলিশ ও আনসার সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে আজ পিবিআইকে নির্দেশ দেন। এই মামলার অন্যতম আইনজীবী কাইয়ুম খান কায়সার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন আজ বরিশাল সদর উপজেলার ইউএনও ও দুই পুলিশ কর্মকর্তাসহ আট জনের নামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন। একই সঙ্গে বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার ইউএনও, পাঁচ আনসার সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে একই আদালতে মামলা করেন। দুই মামলায় অজ্ঞাত আরও অন্তত একশ জনকে আসামি করা হয়েছে।

রফিকুল ইসলাম তার মামলায় অভিযোগ করেছেন, ইউএনও মুনিবুর রহমান ও পাঁচ আনসার সদস্য বুধবার রাতে বিসিসি কর্মকর্তা ও কর্মচারীদের লক্ষ্য করে গুলি করেন। সেই সঙ্গে লাঠিচার্জ করে পুলিশ। মামলায় অভিযুক্তদের তালিকায় তিনি কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম এবং উপপুলিশ পরিদর্শক শাহজালাল মল্লিকের নাম উল্লেখ করেছেন।

অন্যদিকে বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারও একই অভিযোগে ইউএনওসহ ছয় জনের নামে একই আদালতে মামলা করেন।

গত বুধবার রাতে বরিশালের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় ইউএনও ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। মামলায় সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এই দুই মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীর জামিন আবেদন আদালত আজ নাকচ করেছেন।