বরিশালে ইলিশ রক্ষা অভিযানে ইউএনও’র স্পিডবোটে হামলার অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোটে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জের ইউএনও মো. শাহাদাত হোসেন মাসুদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'সংশ্লিষ্টদের নিয়ে তিনি স্পিডবোটে মা ইলিশ রক্ষায় অভিযানে নামেন। এ সময় জেলেরা পরিকল্পিতভাবে একটি ট্রলার দিয়ে স্পিডবোটকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্পিডবোটের ২ আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান।'
আনসার সদস্যদের উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র নদীতে তলিয়ে যায় বলেও জানান তিনি।
ইউএনও জানান, আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া, আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য গজারিয়া নদীতে তল্লাশি শুরু করেছে বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ইউএনও'র ওপর হামলাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।