বরিশালে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালের উজিরপুরে কলেজ শিক্ষার্থী সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- মামলার প্রধান আসামি দাদা বাহিনী প্রধান জিয়াউল হক লালন ও রিয়াদ সরদার। এছাড়া, মামুন, ইমরান, বিপ্লব ও ওয়াসিম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দশ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার মামলায় বাদী পক্ষের আইনজীবী আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা।

২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সংঘবদ্ধ সন্ত্রাসীরা চাঁদার দাবিতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সোহাগ সেরনিয়াবাতকে উজিরপুরের রাখাল তলায় কুপিয়ে হত্যা করে। এসময় তারা উজিরপুর বাজারে তার দোকারে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় সোহাগ সেরনিয়বাতের মামা খোরশেদ আলম বাদী হয়ে উজিরপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর ১৬ জনের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলায় ৩১ জনের সাক্ষী গ্রহণ শেষে এই রায় দেন আদালত।