বসুন্ধরা এমডির বিরুদ্ধে মামলা: প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর
রাজধানীর গুলশান এলাকায় ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ ডিসেম্বরের জমা দিতে বলেছেন আদালত।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আদালত এই আদেশ দেন। গত ২ নভেম্বর একই আদালত পিবিআই আজ তদন্ত প্রতিবেদন দিতে বলেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফুদ্দিন তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে এ নিয়ে পিবিআই ৩ বার সময় চেয়ে আবেদন করল। এই মামলায় গত ৩ অক্টোবর মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গুলশানের একটি বাসা থেকে মরদেহ উদ্ধারের পরে চলতি বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন।
এরপর ৬ সেপ্টেম্বর কলেজছাত্রীর বড় বোন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে আরেকটি মামলা দায়ের করেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম এবং আরও ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এই মামলা ২৯ সেপ্টেম্বর আনভীরের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট বিভাগ।