বাংলাদেশের জলসীমায় ঢোকার অভিযোগে ১৩ ভারতীয় জেলে আটক

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও মাছ ধরার অপরাধে ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়।

আজ শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপরে আটক ১৩ জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের মাছ ধরার ট্রলার, জাল ও অন্যান্য সরঞ্জামও আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। গতকাল রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

এম মামুনুর রহমান বলেন, 'সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের সদস্যরা ভারতীয় জেলেদের বঙ্গোপসাগরের বাংলাদেশি অংশে অনুপ্রবেশ করে মাছ ধরতে দেখেন। তখন কোস্ট গার্ডের সদস্যরা মাছ ধরার ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে। ওই ট্রলারে মোট ১৩ জন জেলে ছিল।'

তবে, কোস্ট গার্ড এখনো আটক ভারতীয় জেলেদের নাম প্রকাশ করেনি।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'কোস্ট গার্ডের সদস্যরা ১৩ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর করেছে। শিগগির আইনি প্রক্রিয়া শেষ করে তাদের কোর্টে পাঠানো হবে।'