বাগেরহাটে ধর্ষণ মামলায় অটোরিকশা চালক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় মাহমুদুল হাসান রকি (২৪) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, গতকাল রোববার রাতে ৯৯৯ নম্বরে ফোন করে ওই নারী রকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ৯৯৯ থেকে বিষয়টি বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামকে জানানো হয়।

রাতেই ওই নারী বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় রকির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে ভোর ৩টার দিকে রকিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে ফকিরহাট মডেল থানার ওসি জানান, গত ৮ এপ্রিল রাতে ওই নারী রকির অটোরিকশায় করে খুলনার দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের শ্যামবাগঘাটে পৌঁছালে রকি তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন জানিয়েছেন ওসি।