বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ গ্রেপ্তার ২
বাগেরহাট সদর উপজেলায় ১৮টি হরিণের চামড়াসহ ২ শিকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার বরাকপুর বাজারের কাশেম প্লাজা বাজার থেকে গতকাল বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মোহাম্মদ আব্দুল হাকিম (৫০) ও শরণখোলা উপজেলার মোহাম্মদ কামরুল ইসলাম (৩৫)।
জব্দ করা হরিণের চামড়াসহ তাদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মো. বজলুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সুন্দরবন থেকে তারা হরিণ শিকার করে চামড়া ও মাংস দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।