বাবরের সম্পত্তি বিক্রি না করার আদেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতি মামলায় ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সম্পত্তি বিক্রি না করতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার এ আদেশ দেওয়া হয়।

একই মামলায় বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায়ের একটি অংশও স্থগিত করেছেন। ওই অংশে বাবরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ২৬ দশমিক ৪২ লাখ টাকা বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।  

এ ছাড়া, বাবরকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালতের দেওয়া ৮ বছরের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে বাবরের করা আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

পাশাপাশি, বেঞ্চ নিম্ন আদালতের রায়ের আরেকটি অংশ বহাল রাখেন। ওই অংশে বলা হয়েছিল, লুৎফুজ্জামান বাবর মালিকানা অস্বীকার করায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কাছে জমা থাকা ১০ লাখ মার্কিন ডলার বাজেয়াপ্ত অবস্থায় থাকবে।

ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বর্তমানে কারাগারে থাকা বাবরের করা আপিলের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এসব নির্দেশনা দিয়েছেন।

বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।