বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: ৪ আসামির ৫ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে চার বছরের শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন- সুজন, সোহেল উদ্দিন, নাইমুল ইসলাম ও আকবর হোসেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামিদের জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে, এই মামলার প্রধান আসামি মো. রিমন আজ বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সবজেল হোসেন আদালতে ৫ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ‍শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরদিন নিহত শিশুটির খালু হুমায়ুন কবির বাদী হয়ে বাদশা ও রিমনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৯ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

গত মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামি মো. রিমনসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।