বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৬

স্টার অনলাইন রিপোর্ট

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. শফিকুল ইসলামকে বাসে নির্যাতন ও ডাকাতির ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-মজিদ, রাসেল, নাঈম, রফিক, আলমগীর ও মহিবুল।

এ নিয়ে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।

তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদাত হোসেন সুমা মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের সাভার, কালিয়াকৈর, মির্জাপুর, আশুলিয়া, কেরানীগঞ্জ ও টাঙ্গাইল থানার মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, আগামীকাল গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

ঢাকা থেকে টাঙ্গাইলে কর্মস্থলে ফিরতে গিয়ে গত ২০ জানুয়ারি রাতে বাসে ডাকাতির শিকার হন ডা. শফিকুল ইসলাম। পরে ৩০ জানুয়ারি দিবাগত রাতে তিনি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

৩০ জানুয়ারি রাজধানী ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদলের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম।