বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মাহফুজ আহমেদ (২০) খানপুর বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে ও নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

শনিবার দুপুরে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ মারা যান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত কলেজশিক্ষার্থীর মা মাবিয়া বেগম বলেন, 'শুক্রবার রাত ৯টার দিকে মাহফুজকে তারই দুই বন্ধু এসে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে খবর পাই আমার ছেলে হাসপাতালে ভর্তি। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বলে মাহফুজকে দ্রুত ঢাকায় নিতে হবে। আমি আর কিছু জানি না। কে করেছে, কেন করেছে আমি কিছুই জানি না।'

বিলাপ করে তিনি বলেন, 'আমার এই একটিই মাত্র ছেলে। আমার সম্ভল ছিল। ঘর থেকে ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করল।'

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাতে সদর উপজেলার পাথরঘাট এলাকা থেকে মাহফুজকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান মাহফুজ। এরপরই মাহফুজের মরদেহ নিয়ে থানায় আসেন স্বজনরা।'

তিনি বলেন, 'মাহফুজের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজের তিন সহযোগীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।'