বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালালো মাদক চোরাকারবারি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্প থেকে হাতকড়া পরা অবস্থায় মাদক চোরাচালানে অভিযুক্ত মনসুর আলী নামের একজন পালিয়ে গেছেন।
তিনি উপজেলার সীমান্তবর্তী মালগাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌহিদুল আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আড়াই কেজি গাঁজা ও একটি মটরসাইকেলসহ মনসুরকে মালগাড়া সীমান্ত এলাকা থেকে আটক করেন টহলরত বিজিবি সদস্যরা। এরপর তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে আনা হয়। শনিবার ভোররাত ৪টার দিকে তিনি হাতকড়াসহ পালিয়ে যান। এ সময় ক্যাম্পের সদস্যরা বাইরে টহলে ছিলেন।
তৌহিদুল আলম বলেন, 'এ ব্যাপারে বিজিবির কোনো সদস্যের অবহেলা আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলা পেলে এবং এই ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন মনসুরকে আটকের চেষ্টা চলছে।'
স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, মনসুর আলী সীমান্ত এলাকার একজন চিহ্নিত মাদক চোরাকারবারি।