বিমানবন্দর এলাকা থেকে ৫৮ সোনার বার উদ্ধার, আটক ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৫৮টি সোনার বারসহ ৩ জনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, 'গতকাল রাত সোয়া ৯টায় সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস আরও জানিয়েছে, ৬ কেজি ৭৩ গ্রাম ওজনের সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪৫ লাখ টাকা।
আটক ৩ জন হলেন, বাসচালক মো. শাহাদাৎ হোসেন, সুপারভাইজার মো. তাইকুল ইসলাম ও সহযোগী মো. ইব্রাহীম।
তাদের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।