বিয়ের আসর থেকে কাজি পালাল, বরের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে সদর উপজেলার মিতরা গ্রামে বাল্য বিয়ের দায়ে বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের বাবা ও কনের বাবাকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখি বিয়ের দোয়া পড়ানোর প্রস্তুতি চলছে। দোয়ার আসরে কনের জন্ম সনদ, বরের ভোটার আইডি কার্ড দেখার করার সময় ভিড়ের মধ্যে কাজি পালিয়ে যান।'

তিনি আরও বলেন, 'পরে কনের জন্ম সনদ অনলাইনে ও ইউনিয়ন পরিষদে ভেরিফাই করলে ভুয়া প্রমাণিত হয়। তখন কনের বয়স ১৬ বছর বলে স্বীকার করেন তার পরিবার। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক বরকে এক মাসের কারাদণ্ড এবং বর ও কনের বাবাকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।'