বুড়িচং সীমান্তে গুলিতে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তের কাছে দুর্বৃত্তের গুলিতে মহিউদ্দিন সরকার নায়েম (২৬) নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতের ওই ঘটনায় বৃহস্পতিবার নিহত যুবকের মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জনের নামে ও অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।

মামলার প্রধান আসামি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. রাজু (২৪)। তার নামে একাধিক মাদক ও অস্ত্র মামলা আছে বলে পুলিশ জানায়।

ওসি জানান, মামলার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪) এজাহারনামীয় এবং অপর ২ জন অজ্ঞাত আসামি।

বুধবারের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ২ যুবক দ্য ডেইলি স্টারকে জানান, রাত সাড়ে ৯টার দিকে হায়দারাবাদ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ২ ব্যক্তি নায়েমকে গুলি করে পালিয়ে যায়।

পরে বিজিবির সহযোগিতায় তাকে উদ্ধার করে কুমিল্লার বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরে ৪-৫টি গুলিবিদ্ধ ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।'

এদিকে নায়েমের মৃত্যুর ঘটনায় শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে ও দুপুর আড়াইটায় কুমিল্লার পূবালী চত্বরে বুড়িচং প্রেসক্লাবের স্থানীয় সংবাদ কর্মীরা মানববন্ধন করেন। এতে হত্যাকারীদের দ্রুত আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।