বেইলি রোডে গাড়ির ধাক্কায় বাবা-সন্তানকে আহত করা স্কুলছাত্র আটক
বেপরোয়া গাড়ি চালিয়ে ঢাকার বেইলি রোডে রিকশায় থাকা বাবা ও তার ছয় মাসের শিশু সন্তানকে আহত করার ঘটনায় এক স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, স্থানীয় পুলিশের সহায়তায় তেজগাঁও পুলিশের একটি দল আজ তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। সে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সম্প্রতি সে স্কুল বদল করে মেহেরপুরের গাংনী উপজেলায় একটি স্কুলে ভর্তি হয়েছিল।
গাড়ির ধাক্কায় বাবা ও সন্তান আহত হওয়ার ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল। ভিডিওতে দেখা যায়, গাড়িটি রিকশাকে ধাক্কা দেওয়ার পর কোলের সন্তানকে নিয়ে বাবা রাস্তায় পড়ে যান। তারা একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আজ সেই গাড়িটিও আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক স্কুলছাত্রকে ঢাকায় আনা হচ্ছে। রাতে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।