বেগমগঞ্জে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃঞ্চপুর গ্রামে ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়াও, তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১'র বিচারক জয়নাল আবেদীন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন 'দেলোয়ার বাহিনী'র প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম। তারা একলাশপুর ইউনিয়নের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশীদ লাবলু, বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মামুনুর রশীদ লাবলু গণমাধ্যমকে বলেন, 'ধর্ষণ মামলায় বিজ্ঞ আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।'

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। গত ১৮ আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্য নেওয়া হয়।

২০২০ সালের ৬ অক্টোবর এক নারীকে ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।