বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে সাক্ষ্য দিলেন মামলার বাদী

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের মামলায় বাদীর সাক্ষ্য নিয়েছে আদালত। এ সময় মামলার প্রধান আসামি নুর হোসেনসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। 
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন মামলার বাদীর সাক্ষ্য নেন। 
গত ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাবলু সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের কারাগারে পাঠিয়েছে আদালত। আদালত আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মামুনুর রশিদ লাবলু জানান, এ মামলার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি নুর হোসেন বাদলসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার আরও ৪ আসামি বর্তমানে পলাতক। বাদীর সাক্ষ্য গ্রহণ শেষে ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 
বেগমগঞ্জের একলাশপুরে ২০২০ সালের ২ সেপ্টেম্বর গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় ৬ অক্টোবর ভুক্তভোগী নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে হস্তান্তর করা হয়। পিবিআই তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। 
মামলার বাদী ওই নারী আদালত থেকে বেরিয়ে এ প্রতিনিধিকে জানান, তিনি নিরাপত্তহীনতায় ভুগছেন। গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনরা তাকে মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। 
নারী নির্যাতন মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ ও মানবাধিকার কর্মীরা।