বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: মামলার বাদীর জবানবন্দি গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের মামলায় আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে।

আজ সোমবার বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন বাদীর জবানবন্দি গ্রহন করেন। গত বৃহস্পতিবার একই আদালতে বাদীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

বাদীর জবানবন্দির সময় আদালতে মামলার ১৩ আসামির মধ্যে ৯ আসামি উপস্থিত ছিলেন। বাকি ৪ আসামি পলাতক আছেন।

জবানবন্দি শেষে মামলার বাদী আদালতের বাইরে এসে তার জীবন নিয়ে শংকা প্রকাশ করেন।

তিনি বলেন, আসামিরা যদি আইনের ফাঁক গলে বেরিয়ে আসতে পারেন, কিংবা জামিনে মুক্তি পান তাহলে তার জীবন নিয়ে সংশয় আছে। কারণ হিসেবে তিনি বলেন, আসামিরা যে অন্যায় করেছে তার বিন্দুমাত্র অনুশোচনা তাদের মধ্যে নেই।

এসময় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেহনুমা আহমেদ ও নারী নেত্রী তাসলিমা আক্তার বলেন, ন্যায় বিচার পেতে এবং আসামিদের শাস্তি নিশ্চিত করতে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাবলু আসামিদের মধ্যে আবুল কালাম ও মাইন উদ্দিন সাজুর পক্ষে কোনো উকিল না থাকায় তারা নিজেরাই আদালতে কথা বলেছেন।

বেগমগঞ্জের একলাশপুরে ২০২০ সালের ২ সেপ্টেম্বর গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় ৪ অক্টোবর ভুক্তভোগী নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে হস্তান্তর করা হয়। পিবিআই তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।